একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাত্ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় আবারও পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম রায় ঘোষণার জন্য ৯ নভেম্বর দিন ধার্য করেন। এর আগে তিনি ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক রায় ঘোষণার জন্য ২১ অক্টোবর দিন ধার্য রেখেছিলেন। রায় প্রস্তুত না হওয়ায় এখন নতুন করে আবার দিন ধার্য করে দেওয়া হয়েছে।
২০১৯ সালের ১০ জুলাই দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে বিচারপতি সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাত্ ও পাচারের মামলা করেন। গত বছরের ১৩ আগস্ট সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ জজ আদালত।
