করোনার ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার রেকর্ড ভারতের

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:৪৬

করোনা ভাইরাস প্রতিরোধে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার রেকর্ড করেছে ভারত। গতকাল বৃহস্পতিবার সকালে এই মাইলফলক স্পর্শ করে ভারত। উত্সবের মধ্য দিয়ে এই অর্জন উদ্যাপন করার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদির সরকার। এনডিটিভির খবরে বলা হয়েছে, গত জানুয়ারির মাঝামাঝি ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়। ভারত সরকারের তথ্য অনুযায়ী দেশটির ১৩০ কোটি জনসংখ্যার তিন-চতুর্থাংশ এক ডোজ টিকা পেয়েছেন। এছাড়া ৩০ শতাংশ পূর্ণ দুই ডোজ টিকা পেয়েছেন। চলতি বছরেই ভারত সরকার দেশটির ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্ত বয়স্ককে টিকা দিতে চায়।

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী এক দিনে দেশটিতে নতুন করে ১৮ হাজার ৪৫৪ জন আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ২৬ শতাংশ বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালা রাজ্যে। সেখানে এক দিনেই নতুন আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৫০ জন আর মৃত্যু হয়েছে ৮২ জনের। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।