করোনা ভাইরাস

দেড় বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:৪৮

দেশে গত এক দিনে ২৪৩ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত বছরের ১৪ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ২০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনের মধ্যে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরো ১০ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০১ জনের।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে করোনা থেকে সেরে উঠেছেন আরো ৫৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন সুস্থ হয়ে উঠলেন। গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৬৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের  বেশি। যে দশ জন মারা গেছেন, তাদের সাত জনই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। বুধবার সারা দেশে ছয় জনের মৃত্যু হয়েছিল, আর ৩৬৮ জন নতুন  রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু সামান্য বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৬ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ যা, আগের দিন ১ দশমিক ৮০ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪০ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের তিন জন, চট্টগ্রাম বিভাগের চার জন, খুলনা বিভাগের এক জন, বরিশাল বিভাগের এক জন এবং ময়মনসিংহ বিভাগের এক জন ছিলেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে চার জন পুরুষ, ছয় জন নারী। আট জন সরকারি হাসপাতালে এবং দুই জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।