খাসির মাংসে রসনাবিলাস

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২:১৬

ছুটির দিনে খাবার টেবিলে আকর্ষণ থাকে মাংসের বিভিন্ন পদের রান্না। এদিন পরিবারের সবাই তৃপ্তি করে মজার মজার খাবার খেতে পছন্দ করেন। আবার অতিথিরও আগমন ঘটে কোনো কোনো বাড়িতে। ছুটির দিনে খাসির মাংসের ৩টি মজার রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি  

খাসির মাংসের পিঠালি

প্রয়োজনীয় উপকরণ

  • খাসির মাংস (নরমাল টুকরা করে কাটা) ১ কেজি
  • পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
  • গরম মসলা আস্ত (এলাচ ৩টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, বড় এলাচ ১টি)
  • পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ২ চা চামচ
  • কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
  • গরম মসলা বাটা ১ চা চামচ
  • জিরা বাটা ১ চা চামচ
  • ধনে বাটা ১ চা চামচ
  • পোলাও চালের গুঁড়া ৩ টেবিল চামচ
  • টক দই ১/৪ কাপ
  • ঘি ৩ টেবিল চামচ
  • সরিষার তেল ৩ টেবিল চামচ
  • টমেটো কুঁচি ১টি
  • লাল-সবুজ কাঁচা মরিচ ১০/১২টি
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • টমেটো পিউরি ১চা চামচ
  • লবণ ও চিনি স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে সমস্ত বাটা ও গুঁড়া মসলা একসাথে মিশিয়ে মাংস দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি হালকা বাদামী করে ভেজে টমেটো আস্ত গরম মসলা দিয়ে নেড়ে মেখে রাখা মাংস দিয়ে কষিয়ে ১০মিনিট ঢেকে রান্না করতে হবে। এরপর পরিমাণমতো পানি দিয়ে আরো ৩০ মিনিট মাঝারি আঁচে রান্না করে কাঁচামরিচ ও চালের গুঁড়া পানিতে গুলে দিয়ে নেড়ে একটা বলক তুলে নামিয়ে পোলাও, খিচুড়ি, রুটি অথবা পারাটার সাথে পরিবেশন করুন মজার ‘খাসির মাংসের পিঠালি’।

সাহেবী কোরমা

প্রয়োজনীয় উপকরণ

  • মাংস সিদ্ধ :খাসির মাংস ১ কেজি
  • রসুন বাটা ২ চা চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • টক দই ১ কাপ
  • এলাচ ৩/৪টি
  • বড় এলাচ ১টি
  • দারুচিনি ২ টুকরা
  • পেঁয়াজ গোল চাক করে কাটা ১ কাপ
  • তিলের তেল ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
  • সাদা তিল বাটা ১ টেবিল চামচ
  • তেজপাতা ২টি
  • পানি ২ কাপ

  • সাহেবী কোরমা : ঘি ৩ টেবিল চামচ
  • তেল ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি ১ কাপ
  • কাঁচামরিচ ১০/১২টি (মুখ ভাঙ্গা)
  • কিশমিশ ১ টেবিল চামচ
  • বাদাম বাটা ১ টেবিল চামচ
  • তরল দুধ ১ কাপ
  • ব্রাউন সুগার ১ টেবিল চামচ
  • পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী
প্রথমেই মাংসের সাথে মাংস সিদ্ধ করার সমস্ত উপকরণ দিয়ে মেখে সিদ্ধ করে পানি শুকিয়ে নিন। এবার কড়াইতে  ঘি ও তেল গরম করে পেঁয়াজ কুঁচি বাদামী করে ভেজে মাংস, কিশমিশ, বাদাম বাটা, ব্রাউন সুগার, তরল দুধ ও কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। সবশেষে ১০ মিনিট পর চুলা বন্ধ করে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ‘সাহেবী কোরমা’।

চিলি মাটন

প্রয়োজনীয় উপকরণ

  • খাসির মাংস সিদ্ধ : খাসির রানের মাংস ছোট টুকরা করে কাটা ১ কেজি
  • তেল ৩ টেবিল চামচ
  • আস্ত জিরা ১ চা চামচ
  • আদা কিমা ১ টেবিল চামচ
  • রসুন ছেঁচা ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
  • টমেটো ২টি
  • শুকনা মরিচ কুঁচি ১/২ কাপ
  •  লবণ স্বাদমতো
  • চিলি মাটন:  কারি পাতা ১০/১২টি
  • পেঁয়াজ রিং করে কাটা ১ কাপ
  • ধনেপাতা পরিমাণমতো
  • লেটুস পাতা সাজাবার জন্য
  • ঘি ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা, শুকনা মরিচ, রসুন ছেঁচা, আদা কিমা দিয়ে নেড়ে মাংস দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়ে লবণ ও টমেটো দিয়ে কষিয়ে ৩০মিনিটে ঢেকে রান্না করতে হবে। তারপর মাংস সিদ্ধ হয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন একটি কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ  ও শুকনা মরিচ কুঁচি দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। সবশেষে কারি পাতা দিয়ে নেড়ে মাংস ঢেলে আরো কিছুক্ষণ নেড়ে ধনেপাতা কুঁচি ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘চিলি মাটন’।

ইত্তেফাক/আরএম