১৪ শিক্ষার্থীর চুল কর্তন: তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল 

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৫:২২

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় ২ দফা সময় নিয়েও তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপন করতে আসেননি অভিযুক্ত সাংস্কৃকিত ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১ টায় সেই অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন এর তদন্ত কমিটির নিকট উপস্থিত হয়ে তার বক্তব্য  উপস্থাপন করার কথা ছিলো। কিন্তু তার জন্য তদন্ত কমিটি ৩ টা পর্যন্ত অপেক্ষা করলেও তিনি আসেন নি। অতঃপর তার সঙ্গে কথা না বলেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটি। 

বৃহস্পতিবার বিকেলে ৫ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. সোহরাব আলীর নিকট তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির ৫ সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল।


 
তিনি বলেন, অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের জন্য দুপুর ৩ টা পর্যন্ত অপেক্ষা করলেও তিনি আসেননি এবং কোনো যোগাযোগ ও করেন নি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী ও অন্যান্যদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ দেখে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৫ টার দিকে  বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. সোহরাব আলীর নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। 

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন জমা দিলেও সেটি এখনও খোলা হয়নি। শুক্রবার সিন্ডিকেট সভায় সবার সামনে এটা খোলা হবে। এছাড়া উপস্থিত সিন্ডিকেট সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী করণীয় ব্যবস্থাও নেওয়া হবে। তবে যেহেতু বেশির ভাগ সিন্ডিকেট সদস্য ঢাকায় অবস্থান করেন তাই এই সিন্ডিকেট সভাটি ঢাকাতে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। শুক্রবার বিকেল ৪ টার দিকে ঢাকায় এ সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলেও জানান তিনি। 

  

ফারহানা ইয়াসমিন বাতেনকে দুই দফায় তদন্ত কমিটি ডাকার পরেও না আসে সময় প্রার্থনা করে। প্রথমে তাকে আর সময় দেওয়ার সিদ্ধান্ত না থাকলেও তিনি বার বার ইমেইলে সময়ের আবেদন করায় তার এই আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটি ২ সপ্তাহ সময় দিয়ে ২১ অক্টোবর দুপুর একটায় উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য নতুন সময় বেধে দিয়েছিলো। কিন্তু তিনি তবুও আসেন নি। প্রতিবেদন জমা দেবার সময়ে বাধ্যবাধকতা থাকায় আমরা আজ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।

এ ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) সিন্ডিকেট সভায় সবার সামনে সেটি উন্মোচন করা হবে। যেহেতু ঘটনার সত্য উন্মোচনে রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এবং তারা স্বাধীনভাবে কাজ করছেন। সেহেতু তারা সব কিছু বিবেচনা করেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বলে মনে করি।

তিনি আরও বলেন, কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনের ওপরে ভিত্তিকরে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এতে যদি অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়। তা হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এটাও ঐ সভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

ইত্তেফাক/এমএএম