বাঁচাও মানুষ, বাঁচাও দেশ

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২০:০৭

এই মাটিতে রহিমের জন্ম এখানে জন্মেছে পরিমল

এক আকাশ-ছাতা দুজনেই নেয় একই আলো-জল।

সুনীলের সেলুনে চুল কেটে ঈদগাহে যায় খায়রুল

অঙ্কের ক্লাসে জামাল স্যার ধরিয়ে দেয় গণেশের ভুল।

হরি ডাক্তার ছুটে আসে ওহাবের অসুখ সারাতে

মুন্সীরা ত্রাণ নিয়ে যায় মংলার জেলে পাড়াতে।

নয় হিন্দু, নয় মুসলিম, বাঁচাও মানুষ, বাঁচাও দেশ

বাংলা আমার বাংলা তোমার—চাই না সংঘাত; রেষারেষ।

[বুয়েট]