গ্রিক ও রোমান পুরাণের সবচেয়ে সুদর্শন দেবতা। জিউস ও লেটোর পুত্র।
অ্যাপোলো ‘ফীবাস অ্যাপোলো’ নামেও পরিচিত। ফীবাস শব্দের অর্থ উজ্জ্বলতা। এজন্য প্রায়শই সূর্যদেবতারূপে অ্যাপোলো এবং হেলিওস অভিন্নরূপে পূজিত হতেন।
অ্যাপোলো রোগ নিরাময়, ভবিষ্যদ্বাণী, সংগীত, ধনুর্বিদ্যা, যৌবন ও আলোকের দেবতা।
জিউসের বজ্র নির্মাণকারী সাইক্লোপসদের, মতান্তরে পবিত্র স্থান ডেলফির বিখ্যাত ড্রাগন পাইথনকে হত্যা করার অপরাধে তাঁকে জিউসের আদেশে এক বছরের জন্য রাজা অ্যাডমিটাসের দাসত্ব করতে হয়। ডেলফিতেই অ্যাপোলো তাঁর বিখ্যাত মন্দির স্থাপন করেন।
মর্ত্যের মানুষদের মধ্যে অর্ফিউস ও হায়াসিন্থাস তাঁর অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। সংগীতের দেবতা হিসেবে তিনি মানুষকে বীণা ও ফ্লুট উপহার দেন। দাফনি, ক্যাসান্ড্রা এবং করোনিসকে তিনি অত্যন্ত ভালোবেসেছিলেন, কিন্তু তিনজনই তাঁর প্রেমের মর্যাদা অনুভব করতে পারেনি বলে তারা তাঁকে প্রত্যাখ্যান করে। ফলে ক্রুদ্ধ অ্যাপোলোর অভিশাপ তিনজনের উপরই নেমে আসে।
অ্যাপোলোর ঔরসে করোনিসের গর্ভে চিকিত্সাদেবতা এসক্লেপিয়াসের জন্ম হয়। অ্যাপোলো ও আর্টেমিস জমজ ভাইবোন।
সূত্র : প্রতীচ্য পুরান/ফরহাদ খান
