রাণীনগরে ঐতিহ্যবাহী বউ মেলা!

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:১৫

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

লক্ষ্মীপূজা শুরু হয় বুধবার। শুক্রবার রাণীনগরে ছোট যমুনা নদীতে লক্ষ্মী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ পূজা সমাপ্ত হয়। আর এ পূজা উপলক্ষ্যে শুক্রবার দুই দিনব্যাপী কুজাইল বাজারে ঐতিহ্যবাহী গ্রামীণ ও বউ মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয়রা তাদের শত বছরের পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে এ মেলার আয়োজন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর রাজবাড়ীর রাজা রাজবাহাদুর অন্নদা প্রসন্ন লাহিড়ীর রাজত্ব পরিচালনার আগে থেকে লক্ষ্মীপূজা উপলক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলার বিশেষ আর্কষণ লক্ষ্মী প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে ছোট যমুনা নদীতে  নৌবহর। শুক্রবার দুপুরের পর থেকে জেলার রাণীনগর, আত্রাই, নওগাঁ সদরসহ কয়েকটি উপজেলার সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষ নৌকায় চড়ে আসতে থাকে। পাশাপাশি মেলা ও নৌবহর উপভোগ করার জন্য নৌকায় ঘুরে বেড়ান অন্য ধর্মের মানুষও। সাউন্ড বক্স, মাইক আর ঢাকের তালে তালে নৌকায় বিনোদনপ্রেমীদের নৃত্যে মুখর হয়ে ওঠে ছোট যমুনা নদী। ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলনমেলায় পরিণত হয় নদীর দুই পাড়। মেলা উপলক্ষ্যে এলাকার গ্রামের বাড়ি বাড়ি আত্মীয়স্বজনদের আগমনে মুখর হয়ে ওঠে। জামাইয়েরা মেলা থেকে বড় বড় মাছ, মিষ্টি, জিলাপিসহ হরেক রকমের খাবার তাদের শ্বশুরবাড়িতে কিনে নিয়ে যান। মেলার দ্বিতীয় দিন শনিবার হবে বউ মেলা। বউ মেলায় বিশেষ করে নারীদের কসমেটিকস দোকানগুলোতে উপচে পড়া ভিড় হয়। আশ-পাশের কয়েকটি গ্রামের শত শত নারীদের বউ মেলায় আগমন ঘটে।

কুজাইল গ্রামের বিকাশ চন্দ্র প্রাং বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বড় উত্সব হলেও আমাদের এখানে লক্ষ্মীপূজার আনন্দটা বেশি হয়। লক্ষ্মীপূজা উপলক্ষ্যে এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা মেলা। মেলা কমিটির উপদেষ্টা সাইদুর রহমান বাঘা বলেন, শত বছরের পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা কমিটির সভাপতি ছায়ের আলী বিদ্যুত্ বলেন, বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষ লক্ষ্মী প্রতিমা নিয়ে শতাধিক নৌকায় ছোট যমুনা নদীতে নৌবহর শুরু করে। নৌবহর দেখতে নদীর দুই পাড়ে বিভিন্ন সম্প্রদায়ে মানুষের মিলনমেলায় পরিণত হয়।