মুক্তাগাছায় ড্রাগন চাষ হচ্ছে

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:১৬

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের পলশা গ্রামে চাষ হচ্ছে বিদেশি ফল ড্রাগন। ঐ গ্রামের চাষি আবু তালেব (৫১) প্রথম বার ড্রাগন চাষ করেই আয় করেছেন ৩ লাখ টাকা। তার সফলতা দেখে এখন অনেকেই এ চাষে আগ্রহী হয়ে উঠছেন। জানা যায়, চাষি আবু তালেব ২০১৯ সালে চুয়াডাঙ্গা থেকে ড্রাগনের চারা সংগ্রহ করে আবাদ শুরু করেন। রোপিত সহস্রাধিক চারাগাছ এক বছরের মধ্যেই পরিপুষ্ট হয়ে ফল ধরতে শুরু করে। পরে তিনি ড্রাগনের পাশাপাশি বিদেশি জাতের বারি-১ মালটা, থাই পেয়ারা, কাশ্মিরী কুলসহ আম এবং কমলার চাষও যুক্ত করেন। ইতিমধ্যে তিনি ৩ লাখ টাকার ড্রাগন ফল, ৩ লাখ টাকার কুল ও ১ লাখ টাকার মালটা বিক্রি করেছেন।

আবু তালেব জানান, সোয়েটার কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে ফল চাষ করে এখন ভাগ্যের পরিবর্তন আসছে। বর্তমানে প্রতি কেজি ড্রাগন ফল ৩০০ টাকায় বিক্রি করি। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হায়দার আলী জানান, আমরা ফল চাষে যুক্ত চাষিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার সহযোগিতা দিয়ে থাকি।