কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোল উপজেলায় বিভিন্ন এলাকার আমনের খেতে কারেন্ট পোকা ও ব্লাষ্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। ধান কাটার আগেই পোকার আক্রমণ দেখা দেওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। তারা ধান রক্ষায় কীটনাশক ব্যবহার করছে। সরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় আমনের খেতে কীটনাশক ব্যবহার করতে দেখা যায়। কৃষকরা বলছেন, বাজারে ভেজাল কীটনাশকের কারণে পোকা দমন ব্যর্থ হচ্ছে। উপজেলার বিভিন্ন কীটনাশকের দোকানে ভেজাল কীটনাশক বিক্রি করছে দোকানদাররা। কাহারোল কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ১৪ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। কৃষক বেলাল জানান, বর্তমানে জমিতে কারেন্ট পোকা ও ব্লাষ্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। ফসল রক্ষা করার জন্য জমিতে কীটনাশক ছিটানো হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক জানান, নিম্নমানের কীটনাশকের ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা কৃষি বিভাগ কীটনাশকের দোকানগুলো প্রতিদিন মনিটরিং করছে। ফসল রক্ষার্থে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সকল প্রকার পরামর্শ দিচ্ছেন।
