চট্টগ্রামে ফ্লাইওভারে মিনিট্রাক অটোরিকশা সংঘর্ষে আহত ৬

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬

চট্টগ্রাম অফিস

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে মিনিট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গতকাল বুধবার ফ্লাইওভারের গরীবুল্লাহ শাহ মাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জাকির হোসেন ও ফরহান। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে মিনিট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটিও উল্টে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ৪ আরোহী এবং ট্রাকের চালক ও হেলপার আহত হয়। এসময় পাশে দিয়ে যাওয়া গাড়ির যাত্রীরা আহতদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এসময় ফ্লাইওভারে যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে ট্রাকটি সরিয়ে নেয়। চমেক পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, আখতারুজ্জামান ফ্লাইওভারে দুর্ঘটনায় আহতদের মধ্যে দু’জন চমেক হাসপাতালে ভর্তি আছেন। তারা শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত।