আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে আগৈলঝাড়া উপজেলার বরাদ্দকৃত ভর্তুকির ইউরিয়া সার গৌরনদী উপজেলায় পাচারকালে ৫০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকার সরদার বাড়ি জামে মসজিদের সামনে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারের সারের ডিলার আব্দুল জলিল হাওলাদার ইউরিয়া সার নছিমনযোগে বৃহস্পতিবার রাতে গৌরনদী উপজেলার টরকী বন্দরে পাচার করছিলেন। খবর পেয়ে ৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ইউরিয়া সার জব্দ করেন গৌরনদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচার কাজে জড়িত সার ডিলারের ছেলে ফজলুল হক হাওলাদার ও নছিমন চালক।
উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স জানান, জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
