বৃষ্টি ও দমকা হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:১৮

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

গত কয়েক দিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় কাহারোলে শত শত বিঘা জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, আমনচাষিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম জাতের আলু, ফুলকপি, বাঁধাকপিসহ শীতকালীন সবজি। উপজেলার ডহচি গ্রামের সাবেক ইউপি সদস্য গোপাল চন্দ্র সরকার জানান, আর মাত্র ১০-১৫ দিন পরেই খেতের ধান পাকতে শুরু করবে। কিন্তু হঠাত্ বৃষ্টি ও দমকা হওয়ায় ৭০-৮০ শতাংশ জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে। অপর কৃষক চন্দ্র কান্ত বলেন, মাটিতে পড়ে যাওয়া ধান গাছে পোকার আক্রমণ শুরু হবে। এতে ধানের পরিবর্তে শুধু চিটা হওয়ার আশঙ্কা বেশি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক বলেন, এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। তবে পাকা ধানের তেমন ক্ষতি হবে না। বৃষ্টি কমলে কৃষকরা ফসল কেটে ঘরে তুলতে পারবেন। অন্যদিকে যেসব জমিতে সবেমাত্র শিষ এসেছে বা বের হয়নি, ঐ জমির ধানের কিছুটা ক্ষতি হতে পারে।