বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
বাসাইলে দিনদিন জনপ্রিয় হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। কম দাম, অধিক কার্যকারিতা, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হওয়ায় এই সার ব্যবহারে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। উপজেলার দাপনজুর গ্রামের ভার্মি কম্পোস্ট সার উত্পাদনকারী কৃষক হোসেন আলী বলেন, ‘একটি রিংয়ে ৫০ কেজি ভার্মি কম্পোস্ট সার তৈরি করা যায়। সার তৈরিতে প্রয়োজন হয় কেঁচো, পচা গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, তরকারির খোসা ও কচুরিপানা। তবে সব উপকরণ না পেলেও কেঁচো, কলার খোল ও পচা গোবর দিয়ে এই সার তৈরি করা যায়। বর্তমানে আমি ২৫টি রিংয়ে এ সার তৈরি করছি।’ কাশিল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ৫০ কেজি সার উত্পাদন করতে সময় লাগবে এক-দেড় মাস। ৫০ কেজি ভার্মি কম্পোস্ট সার ৩০ শতক জমিতে ব্যবহার করা যায়। এ সার তৈরিতে তেমন খরচ না হওয়ায় কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলার কৃষি কর্মকর্তা নাজনিন আক্তার জানান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনা মূল্যে ভার্মি কম্পোস্ট সার তৈরির উপকরণ দিয়েছেন। সারের উপকারিতা দেখে কৃষকরা এখন নিজ খরচেই এ সার তৈরি করছেন।
