সিলেটে নিহত রাহাতের দাফন সম্পন্ন, মামলা হয়নি

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:৫৪

সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনায় কোনো মামলা হয়নি। জড়িত কাউকে পুলিশ গ্রেফতারও করতে পারেনি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার ইত্তেফাককে জানান, সন্ধ্যায় লাশ দাফন সম্পন্ন হয়েছে, রাহাত খুনের ঘটনায় তার পরিবার এখনো মামলা করেনি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, আরিফুল ইসলাম রাহাত (১৮) প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে এক বন্ধুর সঙ্গে দেখা করতে কলেজ ক্যাম্পাসে যান।

পরে বের হওয়ার সময় কলেজের মূল গেট থেকে ২০-২৫ গজ ভেতরে সাদী ও তানভীর সিলভার রঙের একটি পালসার মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।