মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:০৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

কুমিল্লার পূজামণ্ডপের ঘটনার জের ধরে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষ। গতকাল নগরীর মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে এই মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য। দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায়ভাবে বর্বরোচিত হামলা, নির্যাতন ও হত্যার নিন্দা এবং ঘৃণা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো  হয় মানববন্ধন থেকে।