ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ঘটনা অবলম্বনে নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ হয়েছে। বৃহম্পতিবার রাতে সাভার এনাম মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের তথ্য সংকলন ও গবেষণায় এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনায় ও নির্দেশনায় ঢাকা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়।
ঐ রাতে নাটকের দুটি শো অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী, ফারুক হাসান তুহিন, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য প্রমুখ।
