শিশুদের সংস্কৃতি চর্চা সম্প্রীতির সোপান :তথ্যমন্ত্রী

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতি চর্চা অপরিহার্য। কেন না শিশুদের সংস্কৃতিচর্চা সম্প্রীতির সোপান । সেই সঙ্গে মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা বিস্তারে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর  সেগুনবাগিচায় স্বাধীনতা মিলনায়তনে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম-এনবিজেএফ আয়োজিত শিশু সংগঠক ও সাংবাদিক রফিকুল হক (দাদু ভাই) স্মরণসভায়

প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিশুপ্রতিভা বিকাশের লক্ষ্যে তথ্যমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি  আবার চালু করতে নির্দেশ দিয়েছেন বলে জানান এবং  সংবাদপত্রগুলোতে সাপ্তাহিকভাবে শিশুতোষ পাতা প্রকাশের অনুরোধ করেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে মাঝেমধ্যে  যে জঙ্গিবাদ-মৌলবাদের আস্ফাালন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হয়, এ সব আরো কমে যাবে, নির্মূল হবে, যদি আমরা শিশুদের সংস্কৃতিমনা হিসেবে গড়তে পারি, তাদের ভেতরে আমাদের অসাম্প্রদায়িক চেতনা সঞ্চার করতে পারি।’

দৈনিক বর্তমানের নির্বাহী সম্পাদক ও এনবিজেএফের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল  হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় ঢাকা সাংবাদিক  ইউনিয়নের  সাধারণ  সম্পাদক  সাজ্জাদ আলম  খান  তপু,  বাংলাদেশ  ফেডারেল  সাংবাদিক  ইউনিয়নের  সাবেক  সাধারণ  সম্পাদক এম  এ  আজিজ  ও  সাবেক  কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালসহ এনবিজেএফের সদস্যবৃন্দ বক্তব্য  রাখেন।