দোহারে গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর ছাই

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:০৬

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

দোহার উপজেলায় আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার বাঁশতলা নাগেরকান্দা এলাকার মো. আবুল কালামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দোহার ফায়ার সার্ভিস। পরে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র। গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান বাড়ির মালিক আবুল কালাম।

তিনি জানান, গতকাল ভোরে তার ছেলের স্ত্রী গ্যাসের চুলায় রান্না রেখে পাশের ঘরে গেলে চুলায় সংযুক্ত সিলিন্ডারের পাইপ থেকে হঠাত্ আগুন লেগে মুহূর্তেই  তা ছড়িয়ে পড়ে। এ সময় পুড়ে যায় কাঠের বারান্দাসহ একটি চৌচালা ঘর, ঘরের আসবাবপত্র ও নগদ ৪৫ হাজার টাকা। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।