সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় দুই দফা সময় নিয়েও তদন্ত কমিটির নিকট বক্তব্য উপস্থাপন করতে আসেননি অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন। গত বৃহস্পতিবার দুপুর ১টায় সেই অভিযুক্ত শিক্ষিকার তদন্ত কমিটির নিকট উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপন করার কথা ছিল। কিন্তু তার জন্য তদন্ত কমিটি ৩টা পর্যন্ত অপেক্ষা করলেও তিনি আসেননি। অতপর তার সঙ্গে কথা না বলেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীর নিকট তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল।
তিনি বলেন, অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের জন্য দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষা করলেও তিনি আসেননি এবং কোনো যোগাযোগও করেননি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী ও অন্যদের সঙ্গে কথা বলে সিসি টিভি ফুটেজ দেখে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকাল ৫টার দিকে রেজিস্ট্রার মো. সোহরাব আলীর নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদন জমা দিলেও সেটি এখনো খোলা হয়নি।
গতকাল শুক্রবার সিন্ডিকেট সভায় সবার সামনে এটা খোলার কথা। এবং উপস্থিত সিন্ডিকেট সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থাও নেওয়ার কথা। যেহেতু বেশির ভাগ সিন্ডিকেট সদস্য ঢাকায় অবস্থান করেন তাই সিন্ডিকেট সভাটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা বলে জানান তিনি।
