ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সবাইকে আমরা বিনা মূল্যে করোনার টিকা দিয়েছি। দেশের একটাই মন্ত্র ছিল, রোগ বৈষম্য করে না, তাই টিকা দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য থাকবে না। টিকা দেওয়ার ক্ষেত্রেও ভিআইপি সংস্কৃতি নেই। ভারতের ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার রেকর্ড করার পর গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভারতবাসীকে এই অর্জনের জন্য স্বাগত জানিয়ে মোদি বলেন, ২১ অক্টোবর ভারত ১০০ কোটি টিকা দেওয়ার কঠিন এবং অসাধারণ মাইলফলক ছুঁয়েছে। এর নেপথ্যে ১৩০ কোটি ভারতীয়র অবদান রয়েছে। এটা ভারতবাসীর সাফল্য, এটা ভারতের সাফল্য। ১০০ কোটি টিকা দেওয়া শুধু একটি পরিসংখ্যান নয়, এটা আমাদের সামর্থ্যের প্রমাণ। তিনি বলেন, যখন এই মহামারি অতিমারী আসে, তখন প্রশ্ন ছিল ভারত কবে টিকা পাবে? ভারত এত টিকা কিনতে পারবে কি না? এত লোককে টিকা দিতে পারবে কি না? তবে আজকের এই পরিসংখ্যান এই প্রশ্নের জবাব দিয়েছে। বিশ্ব ভারতের শক্তি দেখছে।
এদিকে ১০০ কোটি টিকা দেওয়ার রেকর্ডকে স্মরণীয় করতে টুইটারে প্রোফাইল ছবি বদলেছেন প্রধানমন্ত্রী মোদি। শেষবার তিনি টুইটারের প্রোফাইল ছবি বদলান ২০২০ সালের এপ্রিলে। লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার পর পরই। সে সময় প্রোফাইল ছবিতে মোদিকে মণিপুরী স্টাইলে মুখ ঢাকা অবস্থায় দেখা গিয়েছিল। তার ঠিক দেড় বছরের মাথায় আবার প্রোফাইল ছবি বদলে ফেললেন তিনি। ঐ প্রোফাইল ছবি যেমন বার্তা দিয়েছিল করোনার বিরুদ্ধে লড়াইয়ের। এবার কিন্তু সেই লড়াইয়ে ‘জয়ের বার্তা’ দিতেই ফের নিজের প্রোফাইল ছবি বদলেছেন তিনি।
