কুমিল্লা, নোয়াখালীর চৌমুহনী, চট্টগ্রামের হাটহাজারী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গতকাল শুক্রবার বরিশাল, বাগেরহাট, নারায়ণগঞ্জ, রংপুর ও নেত্রকোনায় রামকৃষ্ণ মিশন ও আশ্রমের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল অফিস জানায়, গতকাল শুক্রবার দুপুরে নগরীর শ্রী রামকৃষ্ণ মিশনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মিশনের অধ্যক্ষ স্বামী বিজিতাত্মানন্দজী মহারাজের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে মিশনের ভক্ত ও ছাত্ররা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শ্রীশ্রী শংকর মঠ পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ কানুসহ অন্যরা।
স্বামী বিজিতাত্মানন্দজী মহারাজ বলেন, ‘একটি কুচক্রী মহল শান্তির বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। মন্দিরের প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের ঘটনায় আমাদের হূদয় ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে। অনতিবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।
একই সময় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল জেলা গণ নাট্য সংস্থা। সংগঠনের সভাপতি শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, আমরা অপরাধীর শাস্তি চাই। এই বাংলার মাটিতে কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মো. জাফর তালুকদার, বিরেন রায়, কমরেড সাইদুর রহমান, নুরুল আমিন খান, হারুন অর-রসিদ, মাহাবুবুল আলম, অ্যাডভোকেট এ কে আজাদ, সঞ্জিব সিংহ, অধ্যক্ষ বিমল চক্রবর্তী, সজল চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী প্রমুখ।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে গতকাল বেলা ১১টায় আশ্রমের সামনে সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং জাতীয় হিন্দু মহাজোট সংহতি প্রকাশ করে অংশ নেয়। হিন্দু সম্প্রদায়ের কয়েক শ নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
সংখ্যালঘু কমিশন গঠন করে হিন্দু
সুরক্ষা আইন প্রণয়নের দাবি
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, গতকাল নগরীর মাহিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে রংপুর রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। হিন্দু সুরক্ষা আইন প্রণয়ন করাসহ জাতিগত ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা প্রদানে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে এই মানববন্ধনে হিন্দু সমপ্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ নারী-পুরুষ অংশ নেন। আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকার রামকৃষ্ণ মিশন সড়কের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রামকৃষ্ণ মিশন নেত্রকোনা জেলা শাখা। পরে নেত্রকোনা জেলা রামকৃষ্ণ মিশনের সভাপতি প্রদীপ রায়ের সভাপত্বিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নেত্রকোনা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিধাংশু বিকাশ আচার্য্য, মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক আশীষ ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান, মদনে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শুক্রবার মদন পৌরসভার ফচিকা শ্রীরাম কৃষ্ণ সেবাশ্রমের সামনে রাস্তায় হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে শ্রীরাম কৃষ্ণ সেবাশ্রমের সহ-সভাপতি সুকুমল কান্তি বৈশ্য বক্তব্য রাখেন।
