ডাচদের খালি হাতেই বিদায় করল লঙ্কানরা

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:৩০

 

সেপার্টস ডেস্ক

বিশ্বকাপে সর্বনিম্ন রানে আউট হওয়ার রেকর্ডটা নেদারল্যান্ডসের। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অল আউট হয়েছিল তারা। গতকাল  সেই রেকর্ড ভাঙার খুব কাছেই ছিল। এবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে সেবারের থেকে ৫ রান বেশি করে  লজ্জা এড়ায় ডাচরা। কিন্তু হার এড়াতে পারেনি। ৮ উইকেটে হারিয়ে তাদের বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় করল গ্রুপ এ চ্যামিপয়ন শ্রীলঙ্কা।

শারজায় ৪৫ রানের লক্ষ্য মাত্র ওভারেই পাড়ি দেয় লঙ্কানরা। বাহাতি ওপেনার কুশল পেরেরা একাই করেন ২৪ বলে ৩৩ রান। তার আগে ডাচদের ব্যাটিং লাইন আপে ধস নামান লাহিরু কুমারা ও ভানিন্দু হাসারাঙ্গা। দুজনেই নেন তিনটি করে উইকেট। তবে কুমারা ৭ রান দিলেও হাসারাঙ্গা তার থেকে ২ রান বেশি খরচ করেন। নেদারল্যান্ডসের হয়ে কলিন অ্যাকারম্যান (১১) ছাড়া আর কেউ দুই অঙ্ক পেরোতে পারেননি।

এদিকে তিন ম্যাচের সবকটি জেতায় গ্রুপ এ চ্যামিপয়ন হওয়ায় সুপার ১২ এ লঙ্কানদের প্রতিপক্ষ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডসঃ৪৪/১০ (অ্যাকারম্যান ১১, কুপার ৯, এডওয়ার্ডস ৮; কুমারা ৩/৭, হাসারাঙ্গা ৩/৯, থিকশানা ২/৩।)  শ্রীলঙ্কাঃ ৪৫/২ ( নিসাঙ্কা ০, পেরেরা ৩৩*, আসালাঙ্কা ৬; গ্লোভার ১/১২, মিকেরেন ১/২০)

ফলঃ শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরাঃ লাহিরু কুমারা।