স্পোর্টস ডেস্ক
দুর্দান্ত না হলেও ওমান পর্বটা ভালো ভালোয় শেষ হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর যেই শঙ্কার মেঘ ছিল, তা পরের দুই ম্যাচে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার মিশন আরব আমিরাত। সুপার ১২’তে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই গতকাল মরুর দেশটিতে নিরাপদে পা রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী।
গত দুই আসরে টি-২০ বিশ্বকাপের অলিখিত মূলপর্ব হিসেবে ধরা হয়েছিল সুপার টেনকে। এবার দলের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে সুপার ১২। আগের মতো ফরমেশন হলে চলতি আসরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হতো টাইগারদের। কিন্তু সেটা না হওয়ায় বেঁচে গেছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ রানার্সআপ সুপার ১২ এ মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
সেই অলিখিত মূলপর্বে বাংলাদেশ ছিল জয়হীন। এবার দেশ ছাড়ার আগে ইতিহাস বদলানোর কথা জানিয়ে গিয়েছিলেন মাহমুদউল্লাহরা। সেই মিশন শুরু হচ্ছে কাল থেকেই। শারজায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
সুপার ১২-তে বাংলাদেশের সবগুলো খেলাই হবে একই সময়ে। শারজাহ, আবুধাবি, হয়ে শেষ ম্যাচটি হবে দুবাইতে। অথচ এই গ্রুপে পড়ারই কথা ছিল না। আইসিসি মাঝপথে নিয়ম পরিবর্তন না করলে বাংলাদেশের প্রতিপক্ষ হতো ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নামিবিয়ার। কিন্তু নিয়ম পরিবর্তনের কারণে প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেই গ্রুপে ঠাই হয় স্কটল্যান্ডের।
দুপুরে ম্যাচ হওয়ার প্রতিপক্ষের পাশাপাশি গরমের সঙ্গেও লড়াই করতে হবে। তবে একটা দিক দিয়ে সুবিধাই হয়েছে অতিরিক্ত স্পিন প্রতিকূলতার মুখোমুখি হতে হবে না।
প্রথম রাউন্ড পেরোনোর পর দলের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। কিন্তু স্কটল্যান্ডের হারের পর সমালোচনায় যেভাবে বিদ্ধ হয়েছিলেন মাহমুদউল্লাহরা। তা মানসিকভাবে কাটিয়ে উঠতে বেশ ঝাক্কি পোহাতে হয়েছে তাদের। পাপুয়া নিউ গিনির বিপক্ষে সেই ক্ষোভ উগড়ে দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা মানুষ, আমরা ভুল করি। এ কারণে একেবারে ছোট করে ফেলা ঠিক নয়। এটা আমাদের দেশ। আমরা যখন খেলি, পুরো দেশ একসঙ্গে খেলি। এটা মাথায় থাকে সবসময়। আমাদের চেয়ে ফিলিংস কারও বেশি নয়, আমার মনে হয়। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি। তবে একেবারেই ছোট করে ফেলা ঠিক নয়। আমাদের সবার কাছেই খারাপ লেগেছে।’
সিনিয়রদের স্ট্রাইক রেট নিয়ে কথা বলায় আহত বোধ করছেন মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, ‘অনেক প্রশ্ন এসেছে। আমাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট প্রসঙ্গে। আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি।’
