বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ মুসলিম বিজ্ঞানীর কাছে মুস্তাফা (সা.) পুরস্কার হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি পদার্থ বিজ্ঞানী ড. এম জাহিদ হাসানও রয়েছেন। প্রত্যেককে পুরস্কার হিসেবে বাংলাদেশি টাকায় সাড়ে ৪ কোটি টাকা এবং একটি করে ক্রেস্ট দেওয়া হয়েছে। তেহরানে মুস্তফা (সা.) বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হয়। দুই বছর পরপর বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী ও গবেষকদের এ পুরস্কার দিয়ে আসছে ইরানভিত্তিক এই ফাউন্ডেশন। শ্রেষ্ঠ প্রবাসী মুসলিম বিজ্ঞানী হিসেবে এবার যৌথভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ড. এম জাহিদ হাসান ও ইরানের বিজ্ঞানী কামরান ওয়াফা। জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। ইরানের কামরান ওয়াফা অধ্যাপনা করছেন হার্ভার্ডে।
বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান ও তার সহযোগীরা পরীক্ষাগারে গবেষণা করে ‘ভাইল ফার্মিয়ন কণা’র খোঁজ পেয়েছেন। এ আবিষ্কারের মাধ্যমে তিনি পদার্থ বিজ্ঞানে অনেক বড় অবদান রেখেছেন। ইরানি বিজ্ঞানী কামরান ওয়াফা এফ-থিউরির উন্নয়ন ঘটিয়েছেন। এছাড়াও এবার স্বদেশে বসবাসকারী শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী হিসেবে যৌথভাবে বিজয়ী হয়েছেন মরক্কোর ইয়াহিয়া তিয়ালাতি, লেবাননের মুহাম্মাদ সানেগ ও পাকিস্তানের মুহাম্মাদ ইকবাল চৌধুরী। —পার্স টুডে
