ঘটনা ধামাচাপা দিতে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা : রিজভী

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০০:২৬

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পূজামণ্ডপে হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। দেখা গেছে, হাজীগঞ্জে যারা সংঘাত সৃষ্টি করেছে, তারা সবাই ক্ষমতাসীন দলের লোক। এখন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য চেষ্টা করছে সরকার। রিজভী বলেন, সরকার বিএনপি নেতাদের নামে মামলা দিচ্ছে। বিএনপি নেতারা কী সেখানে ছিলেন? কেউ কী দেখেছেন? তাহলে তাদের বিরুদ্ধে মামলা কেন, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে কেন?

গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম। বিএনপির আব্দুুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের মিজানুর রহমান বিল্লাল, যুবদল দক্ষিণের সদস্যসচিব খন্দকার এনামুল হক এনাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুমিল্লার ঘটনা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এটা একটা সাজানো নাটক। সরকারের ব্যর্থতাকে আড়াল করতেই তারা এ কাজ করছে। অসময়ে বন্যা হচ্ছে জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চল আজ প্লাবিত। কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। এটা সরকারের নতজানু নীতির কারণেই হচ্ছে।