দেশে সাম্প্রতিককালে হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলার পর হিন্দু সম্প্রদায়ের লোকদের রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার সংগঠনটি এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ চরম চাপের পরিস্থিতি মোকাবিলা করছে, যা সহজেই আরো বেশি রক্তপাতের দিকে মোড় নিতে পারে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষকে সতর্ক ও সংযত হতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দুরা প্রায়ই হামলার শিকার হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০১৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৬৭৯টি হামলা হয়েছে। সরকার এসব ঘটনার তদন্ত ও দোষীদের বিচার করতে বারবার ব্যর্থ হয়েছে। ব্র্যাড অ্যাডামস হিন্দুদের ওপর হামলার ঘটনার স্বচ্ছ তদন্ত ও হিন্দুদের প্রকৃতপক্ষে আইনি নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
