আওয়ামী লীগের ১০ টাকার চাল এখন ৭০ টাকা :ফখরুল

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০০:২৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ সীমাহীন কষ্টের মধ্যে জীবন পার করছে। আওয়ামী লীগ সরকার ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল, সেই চালের কেজি আজ ৭০ টাকা। লবণ-চিনির দাম বেড়েছে। পেঁয়াজ-মরিচসহ এমন কোনো নিত্যপণ্য নেই যার দাম বাড়েনি। তাই সবকিছুই আজ মানুষের ক্রয়সীমার বাইরে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরা খাতুন জুঁই এবং মেজবাউল ইসলামের সঞ্চালনায় আলোচনাসভায় জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির একাংশের শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, জাগপার একাংশের খন্দকার লুতফুর রহমান, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, সহসভাপতি এসএম ইউসুফ আলী, রামকৃষ্ণ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিব ফখরুল বলেন, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় গ্রেফতার হওয়া যুবক ইকবাল হোসেন এতদিন কোথায় ছিল? এটা তো পরিষ্কার সরকারের মদদ ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না। আজ দেখা যাচ্ছে ইকবাল নামের একজনকে ধরা হয়েছে যে অপ্রকৃতিস্থ এবং মাদকসেবী। এই ইকবাল এতদিন কোথায় ছিল? কারা তাকে সেখানে নিল? তিনি বলেন, রংপুরের ঘটনায় দেখলাম একদিকে ওসি, চেয়ারম্যান মিলে আলোচনা করছে, একটা আপস করার চেষ্টা করছে। অন্যদিকে বাইরে থেকে এসে লোকজন মাঝিপাড়া জ্বালিয়ে দিয়েছে। তাহলে কি আমরা বলব যে, তাদের ছত্রছায়ায় এসব ঘটনা ঘটেছে?