ইকবালের পেছনে কারা বের করতে হবে :মেনন

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০০:২৯

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় ধৃত ইকবালকে ‘ভবঘুরে’ আখ্যা দিয়ে তার অপরাধ বা পরিস্থিতিকে লঘু করে দেখার অবকাশ নেই। এখন দেখা যাচ্ছে কোরআন অবমাননার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি হিন্দু নয়, মুসলমান। কিন্তু এখন আর তথাকথিত ধর্মপ্রেমীদের মুখে কথা নেই। আমরা প্রথম থেকে বলে এসেছি সমস্ত ঘটনা পূর্বপরিকল্পিত, যে কারণে ঐ ধৃত ব্যক্তির পিছনে কারা আছে সেটা উদ্ঘাটন করতে হবে। গতকাল শুক্রবার বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ যুবমৈত্রীর উজিরপুর উপজেলার এক কর্মী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

মেনন বলেন, দেশের যে তরুণ সমাজ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছে তাদের মধ্যেই এখন সাম্প্রদায়িক মানসিকতার বিকৃতি ঘটেছে। স্বাধীনতার পরবর্তীকালে রাষ্ট্রীয় মদতে মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক বিভাজনের শুরু হয়, সেটাই আজ ফুলে-ফলে পল্লবিত হয়ে সব সমাজে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য, লুটপাট, দুর্নীতি ও বেকারত্ব জনমনে যে হতাশা সৃষ্টি করেছে তার ফলে যুবসমাজ ধর্মবাদী-মৌলবাদী-জঙ্গিবাদী প্রচারণায় বিভ্রান্ত হচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় যুবসমাজের কর্মের নিশ্চয়তার দাবিকে অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ করে তাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করা। উপজেলা যুবমৈত্রীর সভাপতি জাহিদ হোসেন খান ফারুকের সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—যুবমৈত্রীর বরিশাল জেলার সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সীমা রাণী শীল প্রমুখ।