মৃত ভাইয়ের সম্পদের ভাগ দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী আইনজীবী সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা কামালের বিরুদ্ধে। ঐ মৃত ব্যক্তির স্ত্রী রুবি আলী দামাল গত বৃহস্পতিবার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রুবী আলী দামাল অভিযোগ করেন, বিচারপতি মরহুম সুলতান উদ্দিন আহমেদের ছেলে অ্যাডভোকেট রেজা মোহাম্মদ দামাল তার স্বামী। আর অ্যাডভোকেট রেজার বড় ভাই ব্যারিস্টার ফিদা কামাল। তার শ্বশুর বিচারপতি সুলতান উদ্দিন আহমেদ এবং শাশুড়ি রাজিয়া সুলতানা কয়েক শ কোটি টাকার সম্পত্তি রেখে মারা যান। তবে স্বামীর মৃত্যুর পর তাদের কোনো সন্তান না থাকায় স্বামীর সম্পত্তির চার আনা ভাগের ওয়ারিশ হয়েও স্বামীর সম্পত্তির কোনো ভাগ তিনি পাচ্ছেন না। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর এসব অর্থ থেকে এখনো কিছুই পাইনি আমি। স্বামীর মৃত্যুর পর ব্যারিস্টার ফিদা কামাল পৈতৃক সব সম্পত্তি দখলে নিয়ে নেন। স্বামীর মৃত্যুর দেড় বছর পর আদালতে সম্পত্তি বাটোয়ারার জন্য মামলা করলেও ফিদা কামাল সেখানে প্রভাব খাটাচ্ছেন।
