গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের (গাসিক) মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম দলীয় পদ হারাচ্ছেন! সূত্র জানায়, তার দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডের শোকজ নোটিশের জবাবে সন্তষ্ট নয় আওয়ামী লীগের হাইকমান্ড। গতকাল দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উপস্থিত সকলের কাছে জাহাঙ্গীরের ব্যাপারে মতামত জানতে চান। এ সময় বৈঠকে উপস্থিত অধিকাংশ নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি প্রদানের পরামর্শ দেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একজন সদস্য জাহাঙ্গীর আলম প্রসঙ্গে ইত্তেফাককে জানান, শাস্তি তাকে পেতেই হবে। সাংগঠনিক শাস্তি হিসেবে জাহাঙ্গীর দলীয় পদ হারাতে পারেন।
গত মাসে গাসিক মেয়র জাহাঙ্গীর আলমের কণ্ঠে কিছু মন্তব্যসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। গোপনে ধারণ করা ১১ মিনিট ২৩ সেকেন্ডের ঐ ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করতে শোনা যায়। এছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সম্পর্ক, হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে তার সখ্য ও রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়ে নানা আপত্তিকর মন্তব্যও শোনা যায়। এ কারণে গত ৩ অক্টোবর তাকে শোকজ নোটিশ পাঠায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। যদিও শুরু থেকেই জাহাঙ্গীর দাবি করে আসছেন, ঐ ভিডিও কণ্ঠ তার নয়। এটা সুপার এডিট করা।
