চিকিৎসকসহ জনবল সংকটে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়নি অপারেশন থিয়েটার। রোগীরা এখানে পর্যাপ্ত সেবা না পেয়ে অন্যত্র গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৭২ সালে নির্মিত ৩১ শয্যাবিশিষ্ট ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। এরপর ২০১২ সালের ১৭ এপ্রিল প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১৯ শয্যাবিশিষ্ট একটি নতুন তিনতলা ভবন নির্মাণ করে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। প্রয়োজনীয় জনবলের অভাবে ৫০ শয্যার কার্যক্রমও চালু করা সম্ভব হয়নি। অপারেশন থিয়েটারের জন্য জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ও জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) না থাকায় নষ্ট হচ্ছে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি। প্রতিদিন প্রায় তিন থেকে ৪০০ রোগী এখানে সেবা নিতে আসেন। অনেক সময় লাইনে দাঁড়িয়ে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা। ২০১৭ সালে এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে গণপূর্ত বিভাগ। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় এখানেই চলছে চিকিত্সাসেবা। ১৪ জন চিকিৎসকের জায়গায় আছেন দুই জন। সংকট রয়েছে অন্য কর্মকর্তা-কর্মচারীর। এক্সরে ও অপারেশনের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি থাকলেও আবাসিক পদে চিকিৎসক না থাকায় অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হচ্ছে না।
ফুলবানু নামের এক রোগী বুকে ব্যথা নিয়ে হাসাপাতলে ভর্তি রয়েছেন। তিনি বলেন, গত দুই দিনে ডাক্তার এসেছেন মাত্র একবার। একটা ট্যাবলেটও হাসপাতাল থেকে দেওয়া হয়নি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাইফুল ইসলাম ও রত্না বেগম নামে একজন রোগীর স্বজন বলেন, আমার মেয়েকে সন্তান প্রসব করানোর জন্য হাসপাতালে নিয়ে এসেছিলাম। এই হাসপাতালে সিজারিয়ানের ব্যবস্থা না থাকায় কষ্ট করে পাশের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে সিজার করানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার কথা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন জানান, যে লজিস্টিক ব্যবস্থা রয়েছে তা জনবলের অভাবে পুরোপুরি চালু করতে পারছি না। আমাদের অনেক দিন ধরে অনেক যন্ত্রপাতি বাক্সবন্দি থাকছে। আবাসিক পদে চিকিৎসক না থাকায় অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হচ্ছে না। অপারেশনের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসকদের শূন্য পদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর একাধিক বার প্রেরণ করা হয়েছে। কিন্তু তাতেও অপারেশনের জন্য কাঙ্ক্ষিত চিকিৎসক পাওয়া যাচ্ছে না।
ইত্তেফাক/বিএএফ
