প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেট বোলার মুশফিক হাসানের ৭ উইকেটে ভর করে লালমনিরহাট জেলার শিরোপা জিতেছে লালমনিরহাট সরকারি হাই স্কুল। গতকাল ফাইনালে তারা চার্চ অব গড হাই স্কুলকে ১৩৪ রানে হারিয়েছে। ১৬ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে মুশফিক হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬২ রানে অলআউট হয় লালমনিরহাট সরকারি হাই স্কুল। রিফাত হাসান ৪০, শাখাওয়াত হাসান ৩০ রান করেন। জবাবে ডানহাতি পেসার মুশফিক হাসানের বোলিং তোপে চার্চ অব গড হাই স্কুল মাত্র ২৮ রানেই গুটিয়ে যায়। বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেট বোলার হিসেবে কোচ সালাউদ্দিন ও তামিম ইকবালের প্রশংসা কুড়িয়েছিলেন দীর্ঘকায় মুশফিক।
