ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৩৮

 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাইজেশনের প্রসারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক দাঙ্গাসহ সামাজিক-রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ। সে সংকটও অতিক্রম করতে আমরা কাজ করছি-আমরা সফল হবো বলে মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। টেলিযোগাযোগ মন্ত্রী গত শুক্রবার সন্ধ্যায় আমেরিকা প্রবাসি বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি উদ্যোক্তাদের আয়োজিত ‘ডিজিটাল সিকিউরিটি সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এবং ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নসহ সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ডিজিটাল নিরাপত্তা চ্যালেঞ্জিং হলেও আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় পিছিয়ে নেই। তিনি বলেন,  আমরা সৌদি আরবে আইওটি ডিভাইস রপ্তানি করছি। বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি হচ্ছে। ২০১৮ সালের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের সাথে দ্বিপক্ষীয় আলোচনাসহ সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারের যে কোন পরামর্শ গুরুত্বের সাথে আমলে নিচ্ছে এবং ভবিষ্যতে তা আরও কার্যকর হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। আমেরিকা প্রবাসি উদ্যোক্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বিটিআরসি-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বক্তৃতা করেন। বক্তারা ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা ডিজিটািল নিরাপত্তার জন্য প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।