ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ‘বেসরকারি শিল্প খাতের জন্য সরকার অনুকূল পরিবেশ তৈরি করেছে। ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাত সেই সুযোগ কাজে লাগাতে পেরেছে। আমি নিশ্চিত, খুব শিগগির রপ্তানি খাতে ইলেকট্রনিকস শিল্প গার্মেন্টস শিল্পকে ওভারটেক করবে।’
গতকাল শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন সালমান এফ রহমান। সে সময় তিনি ১ লাখ ওয়ালটন ফ্রিজ রপ্তানির সাফল্য উদ্যাপনে বিশালাকার কেক কাটেন। এ সময় সঙ্গে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সরোয়ার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম ও সাবিহা জারিন অরনা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ।
সালমান এফ রহমান বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) খুব গুরুত্বপূর্ণ। ওয়ালটন এক্ষেত্রে ব্যাপক কাজ করছে। বাংলাদেশি প্রকৌশলীদের সমন্বয়ে তাদের আরঅ্যান্ডডি খুবই সমৃদ্ধ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, ইলেকট্রনিকস শিল্পই বাংলাদেশের ভবিষ্যত্। ওয়ালটন পণ্য এখন বিশ্বের ৪০টি দেশে রপ্তানি হচ্ছে। দেশের রেফ্রিজারেটর মার্কেটের ৭৫ শতাংশ ওয়ালটনের। এসির প্রায় ৫০ শতাংশ আর টিভির ৪০ শতাংশ মার্কেট ওয়ালটনের। এর অর্থ, মানুষ ওয়ালটন পণ্যের প্রতি আস্থা ও ভরসা রাখছে।
