সালথায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৪৫

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারিজ শিকদার (৩৩) নামে একজন নিহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে ইউনিয়নের খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারিজ ইউনিয়নের খারদিয়া গ্রামের মৃত সোহরাব শিকদারের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উভয়পক্ষের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৩টার দিকে ইউনিয়নের খারদিয়া গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী টুকু ঠাকুরের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় রফিক মোল্যার সমর্থক মারিজকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এছাড়া এই সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। মারিজ শিকদারের মৃত্যুর খবর পেয়ে রফিক মোল্যার সমর্থকরা অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর করে।   

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুজ্জামান জানান, পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সহিংসতা এড়ানোর জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি