চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে তখন করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। এ মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।
শনিবার চাঁদপুর সদর উপজেলার রালদিয়া পল্লী বিদ্যুত্ সমিতির নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মতো এত পরিমাণ জায়গা আমাদের নেই। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলেই আগামী জানুয়ারিতে আমরা চিন্তা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য।
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালুসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
