সদরপুরে মা-ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে জরিমানা

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:১২

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোররাতে সদরপুর উপজেলার পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের ও মত্স্য অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলেদের কাছ থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা-ইলিশ জব্দ করে। ঐ জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে এবং মা-ইলিশ সদরপুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম ও থানা পুলিশ।