নেত্রকোনায় তক্ষকসহ ছয় জন আটক

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:১২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে একটি তক্ষকসহ ছয় জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার লেঙ্গুরা সীমান্তের নয়নকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দেলোয়ার হোসেন, মো. সুমন, হূদয়, সোহেল, দেলোয়ার হোসেন ও ইমরান।

বিজিবির সূত্র জানায়, উপজেলার লেঙ্গুড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান নেতৃত্বে বিজিবির আট সদস্যের একটি টহল দল ওই সীমান্তের ১১৭০ নম্বর পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি গ্রামে টহল দিচ্ছিল। এ সময় সন্দেহজনক ঘোরাঘুরিকালে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১৬ ইঞ্চি লম্বা, ২৬০ গ্রাম ওজনের একটি তক্ষক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।