কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে পচে গেছে আলুর খেত

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:১২

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আগাম আলু খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে পানি জমে পচে গেছে খেত। সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিক মুনাফার আশায় আশ্বিন মাসের প্রথম সপ্তাহ থেকে আগাম আলু চাষ শুরু করেন কৃষকরা। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টির কারণে উপজেলার ৯টি ইউনিয়নের অধিকাংশ কৃষকের আলুর খেত পচে নষ্ট হয়ে গেছে। উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের আলুচাষি আলমগীর হোসেন জানান, আমি সেপ্টেম্বর মাসের ২৩ তারিখে চার বিঘা জমিতে আলু রোপণ করেছিলাম। আলুখেতের বয়স হয়েছিল এক মাস। আর এক মাস পরে আলু উত্তোলনের কথা। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে আমার আলুখেত পচে যাওয়ায় আবার নতুন করে জমিতে বীজ রোপণ করতে হচ্ছে। একই অবস্থা ঐ গ্রামের সাজ্জাদ হোসেন, সামছুল, শামীম, ভট্টু মিয়াসহ শতাধিক কৃষকের। কৃষকরা জানান, বেশি দামের আশায় আগাম আলু রোপণ করেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ায় আলুর খেত নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আশ্বিনা বৃষ্টিপাতে কিছু কৃষকের আলুখেত পচে নষ্ট হয়ে গেছে। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।