পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:১২

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে শনিবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

পঞ্চগড় :পঞ্চগড়ে শনিবার দুপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই জন। গুরুতর আহত এক জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল ঠুটাপাখুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোদাপাড়া এলাকার আফজল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮) ও তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গোয়াবাড়ী এলাকার হামিদুল ইসলামের ছেলে রিফাদুজ্জামান বাবু (২০)। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে শনিবার ভোর রাতে চলন্ত ট্রাকের পেছনে দ্রুতগামী অপর ট্রাকের ধাক্কায় এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম (১৬)। নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহিম বাগেরহাট সদর উপজেলার চিতলমারী গ্রামের আবু হানিফ শিদকারের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, পাবনা থেকে নাটোরগামী একটি চলমান ট্রাককে একই দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার আব্দুর রহিম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।