পটুয়াখালীতে লঞ্চের তালাবদ্ধ কেবিন থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:১২

পটুয়াখালী প্রতিনিধি

ঢাকা থেকে পটুয়াখালীতে আসা লঞ্চের তালাবদ্ধ মাস্টার কেবিন থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পটুয়াখালী পুলিশ এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ঐ নারী ও অপর একজন পুরুষ যাত্রী লঞ্চের স্টাফ মাস্টার কেবিন ভাড়া করে কেবিনে ওঠেন। রাতে তারা লঞ্চের ভাড়া পরিশোধ করেন এবং খাওয়া-দাওয়া করেন। শনিবার সকাল ৫টার দিকে লঞ্চটি পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাটে এসে পৌঁছায়। সকাল সাড়ে ৬টার দিকে লঞ্চের ঐ কেবিনটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে স্টাফদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে ঐ নারীর লাশ উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লঞ্চ থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া ঐ মহিলার বয়স আনুমানিক ৩০-৩২ বছর। মৃত মহিলার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। ঐ পুরুষ যাত্রীর খোঁজ করছে পুলিশ।