যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৭ লাখ অভিবাসনপ্রত্যাশী আটক

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:১৫

গত এক বছরে রেকর্ডসংখ্যক লোক আট হয়েছে

বলে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর তথ্য

বিবিসি

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে গত এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী। ওয়াশিংটন জানিয়েছে, এ সংখ্যা ১৭ লাখের বেশি হবে। সবাইকে মেক্সিকো সীমান্ত থেকে আটক করা হয়। এর মধ্যে ১৬০টির বেশি দেশের নাগরিক রয়েছেন।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুসারে, এসব অভিবাসীর মধ্যে ১০ লাখের বেশি লোককে মেক্সিকোতে অথবা নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এরই মধ্যে অভিবাসন নীতির ফলে জনমত জরিপে প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তায়ও ভাটা পড়েছে। চলতি মাসের শুরুর দিকে অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ সমীক্ষায় মাত্র ৩৫ শতাংশ আমেরিকান বলেছেন, বাইডেন প্রশাসনের নীতিকে তারা সমর্থন করেন।

বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো মানবিক অভিবাসন নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ক্ষমতায় আসার ৯ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ব্যাপক অভিবাসী সংকট দেখা দেয়। যা নিয়ে বেশ বেকায়দায় পড়েছে বাইডেন প্রশাসন। ২০২১ অর্থবছরে সীমান্ত থেকে অভিবাসনপ্রত্যাশীদের আটকের রেকর্ড হয়েছে। ২০০০ সালের পর এই প্রথম এতো অভিবাসীকে আটক করেছে দেশটি।

কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বলছে, করোনা মহামারির ফলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশিসংখ্যক অভিবাসনপ্রত্যাশী দেশটিতে প্রবেশের চেষ্টা করেছে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে তারা প্রধানত মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদর থেকে এসেছে।