পার্থক্য গড়ে দেবে কোহলি-বাবরের নেতৃত্ব

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:০৬

ভারত-পাকিস্তান লড়াই আজ

 স্পোর্টস ডেস্ক

অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপই যে তার শেষ মিশন, সেটা আগেই বলে দিয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে এই দায়িত্বে বাবর আজমকে নতুন বললেও ভুল হবে না। আজ দুবাইয়ে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান লড়াইয়ে নজরটা থাকবে এ দুই অধিনায়কের নেতৃত্বের ওপরই।

বিশ্বকাপে এলেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তাপ ছড়ানো লড়াইটি যেন একপেশে হয়ে যায়। ওয়ানডে হোক বা টি-২০ কোনো বিশ্বকাপেই ভারতের কাছে পাত্তা পায় না পাকিস্তান। আগের দেখায় পাঁচ ম্যাচে শতভাগ (একটি ম্যাচে টাইব্রেকারে জেতে ভারত) রেকর্ড নিয়ে আজ মাঠে নামবে কোহলিরা। তাদের প্রত্যাশা রেকর্ডের সংখ্যাটা বাড়ানোর। তবে বরাবরের মতো এবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের হালকাভাবে নিচ্ছে না তারা।

বিশ্বকাপ মিশন শুরুর আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘পাকিস্তান শক্ত দল, তাদের হারাতে প্রতিবারই সেরা ক্রিকেট খেলতে হয়। তাদের কাছে এমন খেলোয়াড় আছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অতীত ও রেকর্ড নিয়ে আমরা কখনো কথা বলিনি। কারণ এটা বিভ্রান্তি তৈরি করে। আমরা কীভাবে প্রস্তুতি নিই,  সেটাই হলো মূল ব্যাপার।’

বিরাট না ভাবলেও বাবর রেকর্ড নিয়ে ঠিকই ভাবছেন। যে কোনো মূল্যেই হোক, আজ হারের গেরো ভাঙতে চান পাকিস্তান অধিনায়ক, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। ভারত-পাকিস্তান ম্যাচের তীব্রতা সব সময়ই ভরপুর থাকে। তাই তিন বিভাগেই আমাদের ভালো পারফর্ম করতে হবে। বিশ্বকাপে খেলতে ছেলেরা রোমাঞ্চিত। রোববার আমাদের  গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। জয়টা খুব জরুরি। তারপর আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করব।’

পাকিস্তানের একাদশ কেমন, সে সম্পর্কে ধারণা পাওয়া গেছে কালই। কেননা, স্কোয়াডের সংখ্যাটা কমিয়ে ১২তে এনেছে তারা। অন্যদিকে কোহলি একাদশ সম্পর্কে কিছুই বলতে রাজি ছিলেন না, ‘আমি একাদশ প্রকাশ করছি না। তবে এটা বলব যে আমাদের স্কোয়াডে ভারসাম্য আছে।’

যুগ যুগ ধরে প্রচলিত ভারত-পাকিস্তান লড়াই মানেই ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। তবে দুই দলেরই এখন ব্যাটিং ও বোলিংয়ে পর্যাপ্ত সক্ষমতা আছে। ভারতের ব্যাটিং লাইনআপে যেমন কোহলি ছাড়াও রাহুল, রোহিত ও তরুণ ব্যাটসম্যানরা দাপট দেখাচ্ছেন; তেমনি বোলিংয়ে ঝড় দেখাতে প্রস্তুত মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তীরা। তেমনি পাকিস্তান ফর্মে থাকা বাবর-রিজওয়ান জুটিসহ আস্থা রাখছে হাফিজ ও মালিকের অভিজ্ঞতায়। আর বোলিংয়ে শাহিন, হাসানরা তো আছেনই। তাই বলাই যায়, আসল পরীক্ষাটা হবে অধিনায়কত্বেই।

পাকিস্তান স্কোয়াড :বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফাখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হারিস  রউফ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি।

হেড টু হেড

এ যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল! ক্রিকেট পণ্ডিতেরা তেমনই অ্যাখ্যা দিয়েছেন ভারত-পাকিস্তান ম্যাচকে।  দুবাইয়ে আজ মহারণকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দুই দল (বাঁয়ে ভারত ও ডানে পাকিস্তান)           —টুইটার

 

ম্যাচ       ভারত     পাকিস্তান টাই

৮                 ৬                       ১                      ১