হার্দিক খেলবে জানালেন বিরাট কোহলি

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:০৭

 ‘হার্দিকের ফিটনেস এখন বেশ ভালো জায়গায় রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তিনি আরো ফিট হয়ে উঠবেন। ফলে টি-২০ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে তিনি বোলিং করতেই পারেন।’

 স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত্ত ধোঁয়াশা থাকলেও আজকের একাদশে হার্দিক পান্ডিয়া খেলবেন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামার আগে সেটা জানিয়ে দিলেন বিরাট কোহলি। তবে বোলার নয়, আপাতত ব্যাটার হিসেবেই খেলবেন এই মারকুটে অলরাউন্ডার। বাবর আজমের দলের বিরুদ্ধে নামার আগে সেটা স্পষ্ট করে দিলেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দিন হার্দিকের বোলিং করার ব্যাপারে একই রকম মন্তব্য করেছিলেন রোহিত শর্মা। কোহলিও জানিয়ে দিলেন চলতি টি-২০ বিশ্বকাপে দলের প্রয়োজন হলেই হার্দিককে বোলিং করতে  দেখা যাবে।

শনিবার সাংবাদিক সম্মেলনে হার্দিকের ফিটনেসের প্রসঙ্গ এলেই কোহলি বলেন, ‘হার্দিকের ফিটনেস এখন বেশ ভালো জায়গায় রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তিনি আরও ফিট হয়ে উঠবেন। ফলে টি-২০ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে তিনি বোলিং করতেই পারেন। ২ ওভার বল করার জন্য এই মুহূর্তে হার্দিক তৈরি। বাকি ২ ওভার কাকে দিয়ে বল করানো যায়, সেটাও ভেবে রেখেছি আমরা।’  এরপর হার্দিকের বিস্ফোরক ব্যাটিং নিয়ে তিনি যোগ করেন, ‘হার্দিক ছয় নম্বরে ব্যাট করতে নেমে বিপক্ষের বোলিংকে একাই ধ্বংস করতে পারেন। সেটা পুরো ক্রিকেট দুনিয়া জানে। তাই হার্দিককে ছয় নম্বরেই ব্যাট করাতে চান কোহলি। সেটাও এদিন স্পষ্ট করে দিলেন তিনি। ভারত অধিনায়ক যোগ করেন, ‘ছয় নম্বরে একজন মারকুটে ব্যাটারকে এই মুহূর্তে রাতারাতি নিয়ে আসতে পারব না। হার্দিক কয়েক বছর ধরে এই জায়গায় ব্যাট করেছেন। ছয় নম্বরে ব্যাট করে তিনি কী প্রভাব ফেলতে পারেন সেটা সবাই জানে। তিনি যেভাবে ব্যাট করেন সেটা বজায় রাখলে দল লাভবান হবে। আমরা সব সময় তার সঙ্গে আছি।’