আগামীকাল জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:০৯

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস কোচের দায়িত্ব পালন করার কথা আগেই জানা গিয়েছিল। গতকাল বাফুফে আনুষ্ঠানিকভাবে লেমসের নাম ঘোষণা করে জানিয়েছে লামোস এখন কোরিয়ায় আছেন তিনি আজ রাতে ঢাকায় ফিরবেন। আগামীকালই জাতীয় দলের অনুশীলন শুরু হবে। লেমসকে শুধু শ্রীলঙ্কা ট্যুরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার আমন্ত্রণে চার জাতি টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ ও সিশেলস খেলবে এই টুর্নামেন্টে। 

সাফে বাংলাদেশের যে দলটি খেলে এসেছে সেখান থেকে ৬ ফুটবলার এখন থাকছেন না। তাই নতুন করে চার পাঁচ জন ফুটবলার দলে নেওয়া হবে। আজই সেই সব ফুটবলারের নাম ঘোষণা করবে বাফুফে। তালিকা বাফুফের হাতে থাকলেও গতকাল সেটি প্রকাশ করেনি। বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সাফে হেড কোচের দায়িত্ব পালন করেছেন নিজেদের কোচিং স্টাফ নিয়ে। আবাহনীর কোচ মারিও লেমস তার কোচিং স্টাফদের নিয়ে কাজ করবেন। এই দলেও ম্যানেজার থাকবেন আবাহনীর সত্যজিত্ দাস রূপু। তিনি সাফের ম্যানেজার ছিলেন। ঢাকায় ফিরে এখন উজবেকিস্তানে গেছেন অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের ম্যানেজার হয়ে। সেখান থেকে ফিরলে শ্রীলঙ্কা যাবেন জাতীয় দলের ম্যানেজার হয়ে।