বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা
বরিশালের হিজলা উপজেলায় প্রতিপক্ষের পিটুনিতে আহত গণি মোল্লার (৬০) মৃত্যু হয়েছে। ঘটনার ১২ দিন পর নিজ বাড়িতে শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। গত ১০ অক্টোবর সন্ধ্যায় হিজলা-গৌরব্দী ইউনিয়নের কুশুরিয়া গ্রামের মান্দ্রা বাজারে বড় ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গণি মোল্লাকে বেদম প্রহার করা হয়। নিহত গণি মোল্লার বড় ছেলে হোসেন মোল্লা জানান, ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ১০ অক্টোবর সন্ধ্যায় তার চাচা আনোয়ার মোল্লাকে মান্দ্রা বাজারে বেদম প্রহার করে প্রতিপক্ষরা। খবর পেয়ে গণি মোল্লা ও তার ভাই সবুজ মোল্লাসহ পরিবারের অন্য সদস্যরা বাজারে ছুটে যান। এ সময় হামলাকারীরা তাদের ওপরও হামলা করে। হামলার মুখে গণি মোল্লা বাজারে শাহাজাহানের ফার্নিচারের দোকানে ঢুকেও রক্ষা পাননি। হোসেন মোল্লা জানান, তার পিতা গণি মোল্লাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। পরে অর্থাভাবে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তিনি মারা যান। মান্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার শাহজাহান জানান, গণি মোল্লা ও তার পরিবারের ওপর হামলার সময় অন্য ব্যবসায়ীরা তাদের রক্ষার চেষ্টা করলেও হামলাকারীদের নিবৃত্ত করতে পারেননি। এদিকে ঘটনা ভিন্ন খাতে নিতে হামলার নেতৃত্ব দেওয়া জাকির জমাদ্দারের স্ত্রী খায়রুন্নাহার গণি মোল্লার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। অপরদিকে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে আদালতে নালিশি মামলা দায়ের করা হয়।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস আলী মিয়া জানান, হামলায় আহত হওয়ার পর গণি মোল্লাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। ইসিজি ও এক্সরেতে তার শরীরে অন্যান্য রোগ ধরা পড়লে তাকে বরিশাল মেডিক্যালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেলে ঘটনার ১২ দিন পর তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
