বরিশাল অফিস ও বাকেরগঞ্জ সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত জেরে চাচাতো ভাইদের হাতে মো. আবু জাফর শরীফ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আবু জাফর চাচাতো ভাইদের কাছে কিছু জমি বিক্রি করেন। গত ২১ অক্টোবর সেই জমির দলিল করা হয়। চাচাতো ভাইরা কৌশলে নিহত ব্যক্তির বাড়ির দাগের জমি ভেন্ডারের মাধ্যমে দলিলে ঢুকিয়ে নেয়। এ বিষয় যানতে পেরে গতকাল দুপুরে দুই পরিবারের লোকজন নিয়ে বিষয়টি সমাধানে বসে।
নিহতের ভাই তোফাজ্জেল শরীফ বলেন, চাচাতো ভাই জামাল শরীফ ও আবুল শরীফের কাছে আমার ভাই কিছু জমি বিক্রয় করে। সেই জমি দলিলের সময় তারা ভেন্ডারের মাধ্যমে বাড়ির দাগের জমি দলিলে ঢুকিয়ে নেয়। সবকিছু জেনে আবু জাফর বাড়ির দুই পরিবারের লোকদের সঙ্গে আলাপ-আলোচনায় বসলে একপর্যায়ে কথা-কাটাকাটি হলে একটু অস্বস্তি বোধ করেন। তখন চাচাতো ভাইরা তাকে তাদের ঘরের একটি রুমে নিয়ে রুম আটকিয়ে দেয়, কিছুক্ষণ পরে রক্তাক্ত অবস্থায় তাকে বৈঠক চলমান রুমে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান ওসি।
