চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার ঘটনায় যুব অধিকার পরিষদের নেতার স্বীকারোক্তি

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:১২

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিনের আদালতে গতকাল শনিবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ?যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য হাবিবুল্লাহ মিজান। আদালতে দেওয়া জবানবন্দিতে হাবিবুল্লাহ বলেছেন, ১২ অক্টোবর শ্রমিক অধিকার পরিষদের নেতা মোক্তারের বাসায় ঘটনার আগের দিন বৈঠক করেন যুব অধিকার পরিষদের নেতারা। সেখানে বিজয়া দশমীর দিনে তারা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিল করার পরিকল্পনা করেন।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, মিজান এক সময় ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বন্দর থানা কমিটির আহ্বায়ক ছিলেন। জবানবন্দিতে হাবিবুলাহ বলেছেন, তাদের মিছিল থেকে একটি অংশ যুব অধিকার পরিষদের সদস্য সচিব মিজানুর রহমানের নেতৃত্বে জে এম সেন হলের দিকে চলে যায়। সেখান থেকে তারা পূজামণ্ডপে হামলার চেষ্টা করে। পুলিশ গুলি ছোড়া শুরু করলে তারা পালিয়ে যায়।

উল্লেখ্য, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজের পর মিছিল নিয়ে এসে জে এম সেন হল পূজামণ্ডপের গেটে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করে। সেখানে ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো কয়েক শ ব্যক্তিকে আসামি করা হয়। এ হামলার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে যুব অধিকার পরিষদের নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।