কালিয়াকৈরে মহাসড়কে বাজার বসিয়ে চাঁদাবাজি

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:১৩

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুত্ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওপর বসানো হয়েছে অবৈধ দোকান। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। যানজটের কারণে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রী। এছাড়া সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে প্রায়ই।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুত্ এলাকায় ব্যস্ততম মহাসড়ক  হকারদের দখলে চলে গেছে। আইমন টেক্সটাইল থেকে টিউলিপ কারখানা পর্যন্ত মহাসড়কে বিভিন্ন পণ্যসামগ্রীর দুই শতাধিক অবৈধ ভাসমান দোকান রয়েছে। এসব ভাসমান দোকান ও হকারদের কাছ থেকে নেতাদের নাম ভাঙিয়ে এক শ্রেণির চাঁদাবাজ প্রতিদিন ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা করে চাঁদা আদায় করছে। পান সিগারেটের এক দোকানদার জানান, তার দোকান থেকে প্রতিদিন ১৫০ টাকা, পাশের এক লুঙ্গি দোকানদারের কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা নেওয়া হয়।

মার্কেট ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়কের পাশে মালিকানাধীন  স্থায়ী মার্কেটের দোকান প্রতি             ১০ থেকে ১২ লাখ টাকা অগ্রীম ও মোটা অংকের                 ভাড়া দিয়েও তাদের ব্যবসা ভালো হচ্ছে না।  মহাসড়ক ও ফুটপাতের ওপর হকারদের অবৈধ দোকান থাকার কারণে মার্কেটের দোকানে বিক্রি অনেক কম হচ্ছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে অবৈধ দোকান উচ্ছেদে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।